মালয়েশিয়ায় বাদল সিন্ডিকেটের জাল নথি ৮ বাংলাদেশীসহ আটক ৯

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) কর্তৃক জালান দেশা পান্ডানের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ পাসপোর্ট নথিপত্র ও বাদল সিন্ডিকেটের ৮ বাংলাদেশীসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্র্রীয় সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। 

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘২৬ থেকে ৬১ বছর বয়সী মোট নয়জনকে আটক করা হয়েছে, যার মধ্যে আটজন বাংলাদেশী পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে।

এসময় ২০টি বাংলাদেশী পাসপোর্ট, ২২টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, ৫টি পাকিস্তানী পাসপোর্ট ও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়াও বিদেশী কর্মীদের ৪৯৭টি আই কার্ড, সিআইডিবি ও নগদ ১৩ হাজার রিংগিত সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, কোম্পানিটি কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই দালালদের কাছে বিদেশী কর্মী বিক্রি, স্থানান্তর এবং বিতরণ করে, বিশেষ করে কোম্পানির নিজস্ব ব্যবহারের জন্য প্রদত্ত বিদেশী কর্মী কোটার ভুয়া অনুমোদনের জাল কপি তৈরি করছে। প্রতিটি  জাল নথিপত্রের জন্য ৩ হাজার থেকে ৮ হাজার রিংগিত নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করে এই সিন্ডিকেটকে আটক করা হয়েছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, জড়িত কোম্পানিটি বছরে প্রায় ১ মিলিয়ন রিঙ্গিত মুনাফা করছে বলেও মনে করা হচ্ছে, তিনি আজ এক বিবৃতিতে এ কথা বলেছেন।

‘এই সিন্ডিকেট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্দিষ্ট ফি দিয়ে কাজের জাল পারমিট এবং জাল ভিসা নবায়নের কাজ করে আসছিল। আটকরা সকল বিদেশীকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছিল।’