প্রবাসী বাংলাদেশি ডেলিভারি ম্যানের তেলাওয়াতে মুগ্ধ কাতার, পেলেন পুরস্কার

পবিত্র কোরআনে কারিমের হৃদয়ছোঁয়া তেলাওয়াতের মাধ্যমে কোম্পানির মালিককে মুগ্ধ করলেন কাতার প্রবাসী বাংলাদেশী একজন ডেলিভারি ম্যান। এর ফলস্বরূপ মালিকের তরফ থেকে পবিত্র ওমরাহ পুরস্কার পেয়েছেন তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই প্রবাসীর নাম তানিম আহমাদ। তিনি কাতারের জনপ্রিয় অনলাইন ডেলিভারি অ্যাপ ও ই-কমার্স প্ল্যাটফর্ম স্নুনু-তে (Snoonu) কর্মরত রয়েছেন।

স্নুনু অ্যাপের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা হামদ আল হাজেরি সামাজিক যোগাযোগমধ্যাম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তানিম আহমাদের সাথে তাকে সাক্ষাৎ করতে দেখা গেছে।

ওই ভিডিওতেই স্নুনুর মালিক তানিমকে ওমরাহ উপহারের বিষয়টি জানান এবং মনকাড়া কোরআন তেলাওয়াত ও হিফজের জন্য তাকে আর্থিক পুরস্কারও দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

ভিডিওটিতে স্নুনুর মালিক হামদ আল হাজেরি বলেন, ‘তানিম আরবি কিংবা ইংরেজি কোনো ভাষাতেই কথা বলতে পারে না। তারপরও সে অত্যন্ত শুদ্ধ ও সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে।’

তানিমের এই প্রতিভার প্রতি বিস্ময় প্রকাশ করে তিনি আরো বলেন, ‘একজন মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব যে, সে আরবি ভাষা জানে না, অথচ এরূপ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং হাফেজও হয়েছে?’

ঘটনার শুরু

ঘটনার শুরু ছিল এমন- এক সহকর্মীর অনুরোধে তানিম পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং ওই সহকর্মী সেটি ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এতেই ভাগ্য খুলে যায় তানিমের।

আলজাজিরাকে তানিমের সহকর্মী জানান, তার বাংলাদেশী সহকর্মীর এই মধুর তেলাওয়াত সকলের মাঝে ছড়িয়ে দিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যে সেটি এমনভাবে ভাইরাল হয় যে, যার প্রত্যাশাও তিনি করেননি। খুব দ্রুত তানিমের হৃদয়ছোঁয়া কোরআন তেলাওয়াতে মুগ্ধ হন অসংখ্য মানুষ। একপর্যায়ে সেটি স্নুনুর প্রতিষ্ঠাতা পর্যন্ত পৌঁছে যায় এবং তিনিও এতে বিমুগ্ধ হয়ে পড়েন।

শুধু তাই নয়; তানিম আহমাদের কোরআন তেলাওয়াতের আরেকটি ভিডিও-ও এরপর ভাইরাল হয়। যেখানে দেখা যায়- কাতারের রাজধানী দোহার রাস্তায় ডেলিভারি দেয়ার জন্য সাইকেলে ঘুরছেন তিনি। পাশাপাশি সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন পবিত্র কোরআনুল কারিম। এটিও নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

-আলজাজিরা আরবি অবলম্বনে