দক্ষিণ আফ্রিকায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবু নাসের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় (ওই দেশের স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের বাবা। শামীম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, ‘তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার চার-পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে ফের মনোমালিন্য দেখা দেয়। দোকানটি বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। ঘটনার দিন বিকালে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। সে সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন বলেন, ‘বিকালে শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন আগে থেকে ওত পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’