বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দু ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবগুলোতে সাধারণত আরব বা পশ্চিমা ধনকুবেরদের আধিপত্য দেখা যায়। তবে সেই প্রথা ভেঙে এক অনন্য ইতিহাস গড়েছেন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ রোজিউর রহমান মুর্তুজা, যিনি ‘রোজ রহমান’ নামে পরিচিত। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে তিনি একটি পেশাদার ইংলিশ ফুটবল ক্লাবে উল্লেখযোগ্য মালিকানার অংশীদার ও পরিচালক হওয়ার গৌরব অর্জন করেছেন।
২০২৩ সালে মালিকানায় বড় ধরনের পরিবর্তনের পর ‘স্কানথর্প ইউনাইটেড’ (Scunthorpe United) ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সহ-মালিক ও পরিচালক হিসেবে দায়িত্ব নেন রোজ রহমান। তিনি বর্তমান চেয়ার মিশেল হারনেসের নেতৃত্বাধীন ক্লাবের শীর্ষ নীতিনির্ধারক টিমের একজন অবিচ্ছেদ্য সদস্য।
রোজ রহমানের শিকড় বাংলাদেশের পুণ্যভূমি সিলেটে। বিদেশের মাটিতে সফল এই উদ্যোক্তা কেবল নামমাত্র মালিক নন, বরং ক্লাবের দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নেও সরাসরি যুক্ত। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি চরম আর্থিক সংকটময় সময়ে রোজ রহমান ক্লাবটিকে স্থিতিশীল করতে এবং ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনন্য ভূমিকা পালন করেছেন।
ফুটবলের মাঠের বাইরেও ক্লাবের সাথে সম্পর্কিত বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সহায়তামূলক কর্মকাণ্ডে রোজ রহমান অত্যন্ত সক্রিয়। তার এই সাফল্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জন্য এক বড় গর্বের বিষয়। রোজ রহমানের এই অবস্থান আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশিদের জন্য নতুন নতুন দ্বার উন্মোচন করবে।