যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডার ‘ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়া’ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় রাত ৮টায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহবাহী কফিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি প্রথমে দুবাই নেওয়া হবে এবং সেখান থেকে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মাননা জানাচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’ (USF)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে কনস্যুলেটের প্রতিনিধিকে এই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পা থেকে নিখোঁজ হন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। কয়েক দিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় দুই পরিবার এবং দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।