প্রথমবার টিকিট কিনেই বাজিমাত প্রবাসীর

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বহুল আলোচিত আবু ধাবির ‘বিগ টিকিট’ র্যাফেল ড্রর অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতীয় প্রবাসী লাভলি প্রীত সিং।

কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো একটি টিকিট কিনেছিলেন তিনি। আর তাতেই রীতিমত বাজিমাত করণেন, নিজের প্রথম টিকিটেই জিতে নিলেন দেড় লাখ আমিরাতি দিরহাম। যা বাংলাদেশি ৫০ লাখ টাকার কিছু বেশি।

এক টিকিটেই এভাবেই কপাল খুলে যাবে তা বিশ্বাস করতে পারছেন না লাভলি প্রীত সিং। পাঞ্জাবের বাসিন্দা লাভলি বর্তমানে বাহরাইনে কর্মরত। বিগ টিকিটের ‘সিরিজ ২৮৭ বিগ উইন কন্টেস্টের চার বিজয়ীর একজন ছিলেন লাভলি।

সংযুক্ত আরব আমিরাত, ভারত ও লেবাননের ওই চার বিজয়ী যৌথভাবে মোট ৫ লাখ ৯০ হাজার দিরহামের নগদ পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন। লাভলির বিজয়ী টিকিট নম্বর ১৩৫৭০৯।

গত মে মাসের প্রথম সপ্তাহে ১০ জন বন্ধুর একটি দলের অংশ হিসেবে অনলাইন থেকে ওই টিকিট কিনেছিলেন তিনি। এরপর আবুধাবিতে উড়ে যান এই ভারতীয়। সেখানে লাইভ ড্র চলাকালীন ফোনে এক বন্ধুর সহায়তায় বিগ টিকিট স্টুডিওর ‘বিগ উইন কন্টেস্টে’ অংশ নেন তিনি।

লাভলি বলেন, আমি কখনোই আশা করিনি, আমার একদম প্রথম টিকিট ক্রয় থেকেই এমন ফলপ্রসূ অর্জন আসবে। এই জয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

পুরস্কারের অর্থ ১০ জন বন্ধুর ওই দলের মধ্যে ভাগাভাগি করা হবে বলে জানিয়েছেন তিনি। লাভলি বলেন, এই অর্থ আমাদের দলের সদস্যদের কিছু আর্থিক ঋণ পরিশোধে সহায়তা করবে।

অন্যদেরও চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে তিনি বলেন, ভাগ্য তখনই সুপ্রসন্ন হতে পারে, যখন কেউ তা সবচেয়ে কম প্রত্যাশা করে।

সূত্র: গালফ নিউজ।