সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটকে রাখা কিংবা শারীরিক নির্যাতন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবে অবস্থানকালে কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে প্রবাসীরা যেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেন। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনে দেশটির জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানায়, গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে নিজেরা বন্দি করে রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের প্রচলিত আইনে অত্যন্ত বড় ও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলা এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে দেশের সকল প্রবাসী নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।