কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে কুয়েত সরকারের পক্ষ থেকে খাবার, পানীয় ও শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) রাতে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য জরুরি এই নির্দেশনা ও সার্বিক পরিস্থিতি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। দূতাবাসের কাউন্সেলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে দলটি প্রবাসীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন।

কুয়েতি কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই অভিযান চালানো হচ্ছে, যা দেশটির অন্যান্য এলাকাতেও পরিচালনার প্রস্তুতি রয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ অবস্থানকারীদের ডিপোর্টেশন সেন্টারের (পরিত্রাণ কেন্দ্র) মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া, সাময়িক আশ্রয়ে থাকা ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে সেখানে অবস্থান করতে পারলেও কর্মস্থল বা অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবেন না।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কুয়েত প্রবাসী সব বাংলাদেশিকে তাঁদের আবাসন সংক্রান্ত বৈধ কাগজপত্র দ্রুত হালনাগাদ রাখার এবং বাইরে চলাচলের সময় বাধ্যতামূলকভাবে সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সাথে রাখার জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।