নিউইয়র্কে রেস্টুরেন্টে ঢুকে গুলি, বাংলাদেশি নিহত

নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে গুলির ঘটনায় মো. ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ভোররাতে ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাজু ওই রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। তদন্তকারী পুলিশ জানিয়েছে, রাজুর মাথায় এবং রাসেলের ডান পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় রাজুকে নিকটস্থ ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে রেস্টুরেন্টের ভেতরে সংঘটিত হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। কী কারণে গুলি চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনার তদন্ত শুরু করেছে। রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন রাজু। এ জন্য তিনি দালালকে প্রায় ৩০ লাখ টাকা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেছিলেন তিনি। দেশে তার স্ত্রী, তিন সন্তান, ভাই-বোন ও মা-বাবা রয়েছেন।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরের বাসিন্দা ইউসুফ ‘আমেরিকান স্বপ্ন’ পূরণের আশায় নিউইয়র্কের ওই রেস্টুরেন্টে কাজ করতেন। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে।

ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসার জানান, রেস্টুরেন্টের এক ক্রেতা খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করে রেস্টুরেন্ট ছাড়ার আহ্বান জানালে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, রাজুর স্বজনেরা বাংলাদেশ থেকে ফোন করে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।