কুয়েত বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ বাংলাদেশি আটক

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে তল্লাশি চালিয়ে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে তল্লাশির সময় তার কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম 'আরব টাইমস'-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া প্রবাসীর নাম-পরিচয় জানা যায়নি।

জব্দ করা মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির মাদক নিয়ন্ত্রণ বিভাগের কাছে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কুয়েত সরকার মাদকের বিষয়ে কোনো ছাড় দেয় না বা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। মাদক চোরাচালান বন্ধে দেশটির বিমানবন্দরসহ সব প্রবেশপথে কড়া নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা রয়েছে। এর আগেও মাদকের অভিযোগে একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়ে আইনের মুখোমুখি হয়েছেন।

এদিকে, এত বড় মাদকের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা পেরিয়ে কীভাবে কুয়েতে চলে গেল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশে থাকা প্রবাসীরা।

কুয়েতের বাংলাদেশি কমিউনিটি নেতারা আশঙ্কা করছেন, এই ধরনের ঘটনার কারণে কুয়েতে বাংলাদেশিদের সুনাম নষ্ট হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে শ্রমবাজারে। তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থা খতিয়ে দেখতে জোর তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে এই মাদক পারাপারের পেছনে কোনো কর্মকর্তা বা অসাধু চক্র জড়িত আছে কি না, তা খুঁজে বের করে কঠোর শাস্তির দাবিও জানান তারা।