বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে গঠিত এই ইউনিটের মাধ্যমে প্রবাসীরা সহজে ও দ্রুত তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের সমাধান পেতে পারবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সেলটি গঠন করা হয়েছে।
প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ সরাসরি minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই এই সেল গঠনের মূল উদ্দেশ্য।