মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশিও রয়েছেন। পাশাপাশি ৩৯৬ জন চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এ অভিযান চালানো হয় বলে জানান কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন। তিনি জানান, অভিযানে আমাদের কর্মকর্তারা ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।
আটকদের মধ্যে চীনাদের সংখ্যা ছিল সর্বাধিক, ৩৯৬ জন। এরপরে ছিলেন ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাত জন মিয়ানমারের নাগরিক, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার নাগরিক, তিন জন নাইজেরিয়ার, দুইজন কেনিয়ার, দুইজন ইন্দোনেশিয়ার, একজন নিউজিল্যান্ডের এবং একজন সেনেগালের নাগরিক। এদিকে, অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের বিভিন্ন নিরাপত্তা ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হয়। ভারী বৃষ্টির কারণে পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি ও কাদামাখা পথ চলাচল কঠিন করে তোলে। এ ছাড়া নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতির চলাচল এবং উঁচু স্থানে কাজ করার কারণে অভিযান পরিচালনাকারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে বলেছেন, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট থাকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে। সব বিদেশী কর্মীর যেন বৈধ ভ্রমণ নথি ও অভিবাসন পাস বা অনুমতিপত্র থাকে এবং তারা যেন অভিবাসন সংক্রান্ত নিয়মাবলী মেনে চলেন, এ উদ্দেশেই অভিযানটি চালানো হয় বলেও উল্লেখ করেন রিদজুয়ান মোহাম্মদ জেইন।