সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করার পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মন্ত্রণালয় আরও বলেছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।