সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত একটি ভিডিওর জেরে গ্রিসে বসবাসের অনুমতি হারিয়েছেন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসান। অবৈধভাবে অভিবাসীদের গ্রিসে আসতে উৎসাহিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস।
দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত একটি টিকটক ভিডিওতে হাসানকে নাফপ্লিও শহরে কাজের সুযোগের কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, যাঁদের বৈধ কাগজপত্র নেই, তাঁরাও সেখানে আসতে পারেন। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাঁদের খুঁজে পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ তদন্ত করে হাসানকে শনাক্ত করে।
ভিডিওকে কেন্দ্র করে তদন্তের পর হাসানের আগের রেসিডেন্স পারমিট বাতিল করা হয়। একই সঙ্গে তাঁর আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে বলে গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৌলভীবাজারের বাসিন্দা হাসান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে তাঁর বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের সুনির্দিষ্ট আইনি ভিত্তি এবং আপিলের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাটি গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। প্রবাসীদের একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর জন্য কেউ কেউ অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
তাঁদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রিসে বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসীদেরও বাড়তি নজরদারি ও সামাজিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
একটি টিকটক ভিডিওর কারণে হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা প্রবাসীদের জন্যও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিদেশে কাজ, বসবাস কিংবা অভিবাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য দেওয়ার ক্ষেত্রে যাচাইহীন বা বিভ্রান্তিকর দাবি যে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে, ঘটনাটি তা সামনে এনেছে।