তেজগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই অফিসের ক্লিনার।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে আমরা অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে খবর পাই।

এরপর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এস.এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর ঘর থেকে উপুড় হয়ে থাকা অবস্থায় বিজয় নামে ওই যুবকের লাশ উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পাশে একটি রক্তমাখা ইট পড়ে ছিল। বিজয় ওই প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে বিজয় নিখোঁজ হন। তিনি কড়াইল বস্তিতে থাকতেন। তার নিখোঁজের বিষয়ে পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও আমাদের কিছুই জানানো হয়নি। ওই অফিসের পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন করে জানিয়েছিল যে, তারা দুজনেই জেনারেটর রুমে ঢুকেছিলেন; রাজু বের হয়ে আসলেও বিজয় বের হয়েছে কি না, তা সে জানে না।

বর্তমানে পিয়ন রাজু পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে, পিয়ন রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।