রাজধানীর হাতিরঝিলে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন এবং রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম 'পাঠাও'-এর চালক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের প্রতিবেশী কামরুজ্জামান জানান, রোববার দিবাগত রাতে আব্দুল হামিদ তার ব্যবহৃত মোটরসাইকেলটি মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে পার্ক করে বাসায় ফিরছিলেন। হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।