নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে বিশেষ পরিবহনের প্রতিশ্রুতি আরিফুল ইসলামের

ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব বলেছেন, ‘নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধা নয়, এটি তাদের মৌলিক অধিকার। নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। আমরা নির্বাচিত হলে ঘর ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার মোল্লারটেক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান থানার মহিলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৮ আসনের নারীদের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরে আদিব বলেন, ‘নারীদের নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে। গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।’

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার আহ্বান জানান।

নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করে এই প্রার্থী বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, বরং ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশের সার্বভৌমত্ব ও সংস্কৃতি রক্ষার লড়াই। এ লক্ষ্যেই আমরা এনসিপি-জামায়াতসহ ১০ দল মিলে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট গঠন করেছি।’

বিএনপির সমালোচনা করে আরিফুল ইসলাম আদিব বলেন, ‘বিএনপি বর্তমানে সন্ত্রাসকে প্রতিপালন করছে। ৫ আগস্টের পর অভ্যন্তরীণ কোন্দলে তাদের দেড় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। যারা নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের মানুষের নিরাপত্তা কীভাবে দেবে?’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দক্ষিণখান পশ্চিম থানার আমির আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমির মো. মামুন, সেক্রেটারি আলী হোসাইন মুরাদ এবং মহিলা বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন ও ফাতেমা ইয়াছমিন রুমা প্রমুখ।