জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন সংসদ ভবন এলাকা ও এর আশেপাশে যান চলাচল সীমিত থাকবে। সাধারণ চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শপথ অনুষ্ঠানের সময় খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত থাকবে।
বিকল্প রুট ও ডাইভারশন পয়েন্ট:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট: মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেট পৌঁছাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেট যাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে হবে।
৪. ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি (দক্ষিণমুখী): মানিক মিয়া অ্যাভিনিউয়ে ব্লকেড থাকায় মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭ এর দিকে যাবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানজট এড়াতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিপুল লোকসমাগম ও বিদেশি অতিথিদের উপস্থিতির কথা মাথায় রেখে এই নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে সময় নিয়ে বের হওয়ার এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।