শহীদ মিনারে প্রথম এক ঘণ্টায় আইফোনসহ ১২টি মোবাইল চুরি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ভিড়ে সক্রিয় হয়ে উঠেছে মোবাইল চোরচক্র। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় থেকে মাত্র এক ঘণ্টায় আইফোনসহ অন্তত ১০ থেকে ১২টি মোবাইল চুরির অভিযোগ পেয়েছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে এ চুরির ঘটনা ঘটে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, ‘হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। সবার উদ্দেশ্য এক হলেও এর মধ্যে কে চোর আর কে চোর না, তা বোঝা অত্যন্ত কঠিন। ইতোমধ্যে আমাদের কাছে ১০ থেকে ১২ জন ব্যক্তি মৌখিকভাবে তাদের মোবাইল হারানোর অভিযোগ করেছেন। যার মধ্যে দামী আইফোনও রয়েছে।’

ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমরা পেয়েছি। প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আমরা আশাবাদী ফোনগুলো উদ্ধার করা যাবে, তবে এতে কিছুটা সময় লাগবে।’

মোবাইল চুরির অভিযোগ পাওয়ার পরপরই ডিসি মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। একই সঙ্গে শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষকে নিজেদের মালামাল ও মোবাইলের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।