বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত সোহান তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

আহত সোহানের বাবা জামাল হোসেন জানান, রাতে দুই বন্ধু নবীনগর হাউজিং এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একদল ছিনতাইকারী সোহানের বন্ধুর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সোহান তাতে বাধা দিলে বন্ধুটি ভয়ে মোবাইল ফেলে দৌড়ে পালায়। এ সময় ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা সোহানের দুই হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পালিয়ে যায়।

জামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘যারা আমার ছেলেকে কুপিয়েছে, তারা ঢাকা উদ্যান এলাকার চিহ্নিত ছিনতাইকারী শাহিনের সহযোগী। বর্তমানে আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কিশোর সোহানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পায়ে গুরুতর জখম রয়েছে। পরিবার জানিয়েছে ছিনতাইকারীরা তাকে কুপিয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।