পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আগামী ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক খাতের শ্রমিকরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা এই আলটিমেটাম দেন।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দেশের অনেক পোশাক কারখানায় শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ন্যায্য পাওনা দাবি করলে উল্টো শ্রমিকদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে। মালিকপক্ষের এমন টালবাহানা ও প্রহসন বন্ধ করার আহ্বান জানিয়ে তারা বলেন, উৎসবের আগে শ্রমিকদের রাজপথে নামতে বাধ্য করা হলে তার দায়ভার সরকার ও মালিকপক্ষকেই নিতে হবে।
শ্রমিকদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি সচল রাখে ৪০ লাখ পোশাক শ্রমিক। সরকার মালিকদের বন্ধু হবে নাকি এই বিপুল সংখ্যক শ্রমিকের স্বার্থ রক্ষা করবে, সেই সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে।’
সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকরা যেন পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, তা নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।