ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ধীরে ধীরে দেশজুড়ে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।