রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিললো পরিচয়

রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন দুই হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে, উদ্ধারকৃত দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে স্কাউট ভবনের সামনে থেকে একটি কাটা পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে দুই হাত উদ্ধার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি রাস্তার পাশে দুটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর আগে শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছিল।

ওসি আরও জানান, উদ্ধারকৃত হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে ডাটাবেজের সঙ্গে মিলিয়ে ওবায়দুল্লাহর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। তবে তাঁর দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অত্যন্ত নৃশংসভাবে তাঁকে হত্যা করার পর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। উদ্ধারকৃত দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধার এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।