শীতের রেশ কাটতে না কাটতেই বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। এরপর দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। দীর্ঘ শুষ্ক মৌসুমের পর এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি ও ভিন্ন আমেজ নিয়ে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, দেশের আরও চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ফাল্গুনের এই সময়ে বৃষ্টির ফলে প্রকৃতিতে ঋতু পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।