মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) এবং ১১ বছর বয়সী শিশু ইরফান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দগ্ধদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হুমায়ুন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা এবং আশেপাশের আটজন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।