রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোড সংলগ্ন মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং অপর এক আত্মীয় রুবেল (৩৫)। তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ভবনের দ্বিতীয় তলায় রুবেল-সোনিয়া দম্পতি ভাড়া থাকতেন। রুবেল পেশায় একজন মোটরসাইকেল রাইডার। তার চাচাতো ভাই এনায়েত সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে পরিবার নিয়ে শিবচর থেকে উত্তরার এই বাসায় বেড়াতে এসেছিলেন।
ভোররাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। ঘরে থাকা ১০ জনই আগুনের শিখায় দগ্ধ হন। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে দগ্ধ ১০ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা ড্রেসিং সম্পন্ন হওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।