রাজধানীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নাসা গ্রুপের প্রায় ৭০০-৮০০ শ্রমিক মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী স্থানে রাস্তায় অবস্থান নেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

ট্রাফিক পুলিশের গুলশান জোন জানিয়েছে, শ্রমিকদের আকস্মিক এই অবস্থানের কারণে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁও মুখী উভয় লেনে যানবাহন চলাচল থমকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তীব্র যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ডাইভারশন মেনে চলার অনুরোধ করা হয়েছে। বিকল্প পথ হিসেবে উত্তরা-মহাখালী রুটে যাতায়াতকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওগামী যাত্রীদের মহাখালী ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী সাধারণকে কাকলী, কামাল আতাতুর্ক এভিনিউ এবং গুলশান হয়ে রামপুরা বা হাতিরঝিলের পথ ব্যবহার করার জন্য বলা হচ্ছে।

বিক্ষোভরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছিল।