আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ সংক্রান্ত মামলাগুলোতে তদন্তের প্রয়োজনে সব ধরণের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
তিনি জানান, এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো আনুষ্ঠানিক সহায়তা চাওয়া না হলেও, চাওয়া মাত্রই র্যাব সব তথ্য দিয়ে সহযোগিতা করবে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘বিচারের স্বার্থে এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেকোনো বিষয়ে আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। গুম বা খুনের অভিযোগ নিয়ে যে মামলাগুলো চলছে, সেগুলোতে সত্য উদঘাটনে আমরা ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত আছি।’
সারাদেশে জলদস্যুদের বিস্তার বাড়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমাদের বিশেষ টিম কাজ করছে। দেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ যে নামেই থাকুক না কেন, জননিরাপত্তা রক্ষায় র্যাব সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে। অপরাধ দমনে আমরা কোনো আপস করব না।’
সংগঠনটির প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান হাবীব পলাশ বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের মতো একটি বিশেষায়িত সংগঠনের প্রয়োজন রয়েছে। তবে এই বাহিনীকে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। র্যাব যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে জনসাধারণের কাছে এর ভাবমূর্তি আরও বাড়বে।”
র্যাব বিলুপ্ত করার দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘র্যাব বিলুপ্ত হবে কি না, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করা এবং আমরা সেই দায়িত্ব পালন করে যাব। গত দেড় বছরে র্যাবের নিজস্ব কোনো অপকর্মের খবর নেই বললেই চলে। বর্তমানে র্যাবকে সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করার জন্য সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।’