বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তিতে রাজধানীবাসী

টানা চারদিনের থেমে থেমে বৃষ্টির পর শুক্রবার (১ মে) ভোরে রাজধানী ঢাকায় অঝোরে বৃষ্টি হয়েছে। ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলা এই ভারী বৃষ্টিতে ঢাকার অনেক এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও শ্রমজীবী মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, শেওড়াপাড়া, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক ও মগবাজারসহ বেশ কিছু এলাকায় হাঁটু সমান পানি জমেছে। কোথাও কোথাও নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে নগরবাসীকে।

আজ মে দিবস ও সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ কম ছিল, যা কিছুটা স্বস্তি দিলেও ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ ও কর্মজীবীরা পড়েছেন বিপাকে। রিকশা বা সিএনজিতে যাতায়াতের সময় নোংরা পানি ছিটে আসার অভিযোগ করেছেন অনেকেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে। গত সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর এই বৃষ্টি স্বস্তি দিলেও নগরীর অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।