মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে সম্ভাব্য কর আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভকারীদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। তাই এ খাতে কর আরোপ করা হলে অনেকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন রয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই মোটরসাইকেল মালিক-চালকরা রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন।
পরে মোটরসাইকেল ব্যবহারকারীরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর (এআইটি) আরোপ না করার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব রয়েছে। এতে দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।