জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
 
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
 
তিনি আরও জানান, ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পথ থাকবে। জামাতের জন্য মাঠে মোট ১২১টি কাতার করা হচ্ছে। এছাড়া প্রাঙ্গণেই ওজুখানার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসাথে ১৪০ জন মুসল্লি ওজু করতে পারবেন।
 
মুসল্লিদের সুবিধার জন্য জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।