বাসার গেটের সামনে ছিনতাই, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে থেকে দুই বোনের লাগেজসহ চারটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইসময় ছিনতাইয়ে ব্যবহৃত সেই পিকআপ ভ্যান জব্দ ও ছিনতাই করা তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি ব্যাগ ছিনতাইয়ের শিকার দুই বোনের।

দুই ছিনতাইকারীর মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ এবং জুয়েল ওরফে মর্তুজা ওরফে আরিফকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

mohammodpur

পুলিশ জানায়, গ্রেপ্তার জুয়েলের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কচুয়া গ্রামে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১২ এপ্রিলে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ছিনতাই মামলা হয়। এতে এজাহারনামীয় প্রধান আসামি এই জুয়েল। ২০১৩ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ২০১৮ সালের ২ জুন সাভার থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে। আনোয়ারও একাধিক মামলার আসামি। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের চক্রে আরও সদস্য রয়েছে। চক্রটি পিকআপ ভ্যান নিয়ে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করে। রাতে পিকআপ ভ্যান নিয়ে রাস্তায় বের হয়। সুযোগ বুঝে চাপাতি দিয়ে হত্যার ভয় দেখিয়ে পথচারী কিংবা রিকশাযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

mohammodpur-1

ঈদের ছুটি শেষে গত শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন দুই বোন। শ্যামলীতে বাস থেকে নেমে রিকশা নিয়ে তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামার পর ছিনতাইয়ের শিকার হন। অস্ত্রের মুখে তাদের লাগেজসহ চারটি ব্যাগ, একটি মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নিয়ে পিকআপ ভ্যানে চলে যায় ছিনতাইকারীরা। পাশের ভবনের সিসি ক্যামেরায় ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছিনতাইকারী ধরতে তৎপরতা শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।