রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতরা হলেন, শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪), পিওএম কর্মরত কনস্টেবল মো. হৃদয় হোসেন (২০)। তাদের দুজনেরই বাম কাঁধের ওপর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।