রাজধানীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে দুর্বৃত্তদের গুলি

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে পলাশ নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, পলাশ ওই এলাকার তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান ওরফে পলাশ  (৫০)। ‘কাইল্যা পলাশ’ নামেই বেশি পরিচিত তিনি।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে গুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি বলেন, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় মোটরসাইকেলযোগে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।

জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ হাতিরঝিল রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘ ১৮-২০ বছর জেল খেটে মাস খানেক আগে জামিনে বের হয় সে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত দশটি মামলার সন্ধান পেয়েছি আমরা। তবে কারা তাকে গুলি করেছে সেই বিষয়টি আমরা তদন্ত করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পশ্চিম রামপুরা এলাকা থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথায় দুটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে আছে। তার অবস্থা আশঙ্কাজনক।