পরিচ্ছন্নতাকর্মীদের হাতে স্বাস্থ্য কার্ড বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই কার্ড তুলে দেন।

এই উদ্যোগে প্রথম পর্যায়ে ১ হাজার জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়। কার্ডের আওতায় কর্মী ও তাদের পরিবারের ছয়জন সদস্য পর্যন্ত বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়া কোনো পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শুধু স্বাস্থ্য কার্ডই নয়, বরং শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য কিট বিতরণ করা হবে। মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের স্বাস্থ্যখাত ক্রমেই ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরীকে বাসযোগ্য রাখছেন। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরা এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই স্বাস্থ্য কার্ড বিতরণ কর্মসূচি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং নগর জীবনের অদৃশ্য নায়কদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা মানে নগরীর সামগ্রিক জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।