আ. লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ দাবি করেছেন, আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বড় ধরনের নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ আজকের দিনে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলতে চেয়েছিল।

গোয়েন্দা তথ্যের বরাতে তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীদের রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হওয়া এবং ঢাকার বাইরে থেকে ব্যাপক সংখ্যায় নেতাকর্মী নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। এই আগাম তথ্যের ভিত্তিতেই গত তিন দিন ধরে ঢাকার প্রবেশমুখ, সীমান্তবর্তী এলাকা, বাস ও রেল স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার এবং চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সন্দেহভাজন বিভিন্ন হোটেল ও মেসেও তল্লাশি চালানো হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে নাশকতার আশঙ্কার বিষয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, দলটির মিছিল থেকে ইতোমধ্যে ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, যা থেকে স্পষ্ট যে সুযোগ পেলে তারা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারত। তবে পুলিশি তৎপরতায় এ পর্যন্ত বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেও তারা যেন কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত জমায়েত করতে না পারে, সেজন্য সাদা পোশাকে নজরদারি ও মোবাইল পেট্রল টহল বাড়ানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।