আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা ডিউটি সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা একযোগে শুরু হচ্ছে। কেন্দ্রগুলোর আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার বিশেষ ক্ষমতাবলে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের ভেতরে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।