পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ প্রকৃত মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। পূর্বঘোষিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী ১৮ জুলাই রাজধানী ঢাকায় জাতীয় মহাসমাবেশ করার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং সাধারণ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এই আন্দোলনের একমাত্র লক্ষ্য। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে ধাপে ধাপে আন্দোলন আরও জোরদার করা হবে। নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এরপর ১৪ জুলাই দেশের প্রতিটি জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী ১৮ জুলাই ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেশব্যাপী গ্রাহকদের অংশগ্রহণে ‘জাতীয় মহাসমাবেশ’ করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানানো হয়। ফোরামের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এসব দাবি এখনো বাস্তবায়ন করা হয়নি এবং অনতিবিলম্বে দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।