রাজধানীর বংশালে আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘আরমান সেলুন’ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধরা হলেন— সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শমসেদের ১৫ শতাংশ দগ্ধ, রিংকুর ২১ শতাংশ দগ্ধ, রাজুর ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর ১৮ শতাংশ দগ্ধ, রনির ১০ শতাংশ দগ্ধ, জসিমের ৮ শতাংশ দগ্ধ, আরমানের ১৫ শতাংশ দগ্ধ, রফিকের ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ রয়েছে।
তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।