রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০) নামে পাচার চক্রের ওই হোতাকে গ্রেপ্তার করা হয়।
আজ (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। মাহাফুজ উল্লাহ কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।