রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট

রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় নগরীতে সিএনজিচালিত যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, অধিকাংশ স্টেশনেই ঝুলছে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড। যেসব স্থানে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানেও চাপ (প্রেসার) কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টায় পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত মিলছে না গ্যাস।

ভোগান্তিতে পড়া সিএনজি চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে স্বাভাবিক যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। লাইনে অলস সময় পার করায় দিনের ট্রিপ সংখ্যা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন আয়ে।

অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরেই জাতীয় গ্রিড থেকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। চাপ কম থাকা ও পর্যাপ্ত সরবরাহ না মেলায় গ্রাহকদের সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন।