রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক বাগানবাড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের বয়স প্রায় ২০ বছর।
পুলিশ জানায়, ঘটনাস্থলে শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি। বাকি দেহাংশ উদ্ধারে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অন্য কোথাও ওই তরুণীকে হত্যা করার পর পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে দেহ খণ্ডিত করে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।