র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান, বিচারক এবং প্রসিকিউশন দলের সদস্যদের সেখানে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
পরিদর্শন দলে থাকবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশন দলের মধ্যে থাকবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্যরা। এ পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরাও।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউটররা। ওই দিন তারা ছোট-বড় ২৯টি কক্ষ ঘুরে দেখেন। একই সঙ্গে সাতটি ডেথ সেলও পরিদর্শন করেন। সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ সম্পর্কেও তারা ধারণা নেন।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থান ও স্থাপনার বাস্তব চিত্র পর্যালোচনা করছে ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন গোপন বন্দিশালা পরিদর্শন করা হচ্ছে।