মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাত ও বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এ সময় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
ওসি বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের ওপর হামলা চালিয়ে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে রাজধানীর আগারগাঁও এলাকায় ফুটপাতে ছোট একটি ভাতের দোকান পরিচালনা করে আলোচনায় আসেন মিজানুর রহমান। তার দোকানে ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।
‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’—এ স্লোগানে পরিচালিত দোকানটি অনেকের কাছে ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়। পরবর্তীতে দোকানটির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।