পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানো সেই ব্যবসায়ীর জামিন

রাজধানীর মালিবাগে ফরচুন শপিং কমপ্লেক্সের সামনে পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন প্রধানীয়া জামিন পেয়েছেন। 

সোমবার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় ফরচুন শপিং কমপ্লেক্সের সামনে ইসমাইলকে কয়েকজন ব্যক্তি ধরে টানাহেঁচড়া করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ধস্তাধস্তির সময় এক ব্যক্তিকে ইসমাইলের পকেটে একটি প্যাকেট ঢুকিয়ে দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইসমাইলের প্যান্টের পেছনের পকেট থেকে ৯০টি ইয়াবা উদ্ধারের দাবি করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল ফরচুন শপিং কমপ্লেক্সের দোকান ও ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তার পরিবারের দাবি, মার্কেটের নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। দুটি পক্ষের বিরোধের কারণে প্রভাবশালীদের মাধ্যমে ইসমাইলকে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবার।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, তদন্তে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।