রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পর ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়, যা বহু দূর থেকেও নজরে আসে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছাকাছি ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ টি ইউনিট উদ্ধার ও নির্বাপণ কাজে অংশ নেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানেও কার্যক্রম চলছে।