ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় আটকে যাওয়ায় মতিঝিল-উত্তরা রুটে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনে আটকে থাকা কাপড়টি সরানোর পর মেকানিক্যাল বিষয়গুলো পরীক্ষা করা হয়।
পরে বিকেল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল দুই দিকের ট্রেন চলাচলই স্বাভাবিক হয় বলে জানান তিনি।