খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন

রাজধানীর খিলক্ষেত থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শিশুটির মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন।

স্বজনরা জানান, নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে পরিবারটি খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নাঈমের সঙ্গে তার ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের ঝগড়া হয়। পরে মা তাকে বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরে শিশুটিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করা হয়। এর মধ্যে শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিবারের করা আবেদনের তথ্য অনুযায়ী, ফোনে অজ্ঞাত ব্যক্তি দাবি করেন নাঈম তাদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায় বলেও পরিবার জানিয়েছে। ওই ব্যক্তি আরও দাবি করেন, নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে। পরে শিশুটিকে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রাখা হয়েছে বলে জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে আবেদন করেছে পরিবার।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, থানায় সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।