রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৭টি মামলা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ৯৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪১ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযান চলাকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৭৬টি ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।