রাজধানীর বনশ্রী-আফতাবনগর এলাকায় নির্মিত স্টিল ফুটব্রিজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে ফরাজী হাসপাতালসংলগ্ন ২ নম্বর স্টিল ফুটব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
ডিএনসিসি প্রশাসক জানান, বনশ্রী-আফতাবনগর এলাকার মানুষের যোগাযোগ সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং যানজট কমাতে তিনটি স্টিল ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ডিএনসিসি প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়।
তিনি বলেন, অন্য দুটি ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজটির নির্মাণকাজ দ্রুত শেষ করা হয়েছে। আজ এটি জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হলো। বাকি দুটি ব্রিজের কাজও দ্রুত শেষ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের অর্থায়নে নৌবাহিনীর তত্ত্বাবধানে তিনটি স্টিল ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পের আওতায় আইডিয়াল স্কুলসংলগ্ন ১ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৩৮ মিটার, ফরাজী হাসপাতালসংলগ্ন ২ নম্বর ব্রিজটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার ও দৈর্ঘ্য ৪২ মিটার এবং মেরাদিয়া বাজারসংলগ্ন ৩ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৪৯ মিটার।
এর মধ্যে ২ নম্বর স্টিল ফুটব্রিজটি বুধবার থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।